ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী ভাতুরিয়া চাপাসার সীমান্তে বিএসএফের গুলিতে মাঈনুল হক (৩৮) ও মোবারক হোসেন (৩২) নামে দুই বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
আহত মাঈনুল হক হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী ৬নং ভাতুরিয়া মূলকান গ্রামের আব্দুর রফিকের ছেলে ও মোবারক হোসেন একই উপজেলার মাগুরা গ্রামের বেলাল হোসেনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বুধবার ভোরে একদল গরু ব্যাবসায়ী চোরাইপথে ভারতীয় গরু আনতে জেলার হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী ভাতুরিয়া চাপাসার সীমান্তে ভারতের ১ কিলোমিটার অভ্যন্তরে যায়। এ সময় ভারতের মাশাগাঁও ও কয়লাডাঙ্গী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে মাঈনুল হক ও মোবারক হোসেন নামে ২ বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হন।
আহত মাঈনুলকে সকালে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। অপরদিকে, আহত মোবারক হোসেন ভারতের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে।
৩০ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল তুষার বিন ইউনুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনার প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের জন্য বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।’

