গাইবান্ধা প্রতিনিধি : ঘাঘট নদের পানির তোড়ে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের গোদারহাটে সোনালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে গেছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে বাঁধটি ভেঙে যায়। বাঁধটি ভেঙে গেলে মুহূর্তের মধ্যে গোদার হাট, কোনার পাড়া, মদনের পাড়া ও কঞ্চিপাড়াসহ অন্তত ২০টি গ্রামে পানি ঢুকে পড়ে।ওই সব গ্রামের মাছের খামার, আবাদি জমি পানিতে ভেসে গেছে। কেউ কেউ ঘুম থেকে ওঠেই পানি দেখতে পেয়ে নিজের জীবন বাঁচাতে বাঁধে উঠে আসেন। অনেকে ধান, চাল বা প্রয়োজনীয় জিনিসপত্র রেখেই বাধে আশ্রয় নেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাজী ইব্রাহিম খলিল উলফাত বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের খাম খেয়ালীর কারণে বাধটি ভেঙে গেছে। একাধিকবার তাদেরকে জানিয়েও কোনো লাভ হয়নি।’
তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আউয়াল বলেন, ‘সোনালী বাঁধ অন্যান্য বাঁধের তুলনায় অনেক শক্তিশালী। বাঁধটি দিয়ে সিপেজ হচ্ছিল, বিষয়টি তাকে কেউ জানায়নি।’
এদিকে পানিবন্দি মানুষদের উদ্ধারে সরকারি বেসরকারি কোনো উদ্যোগ চোখে পড়েনি। তবে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
তিনি বলেন, ‘পানিবন্দি মানুষদের জন্য সরকারি সহায়তা হিসেবে আপাতত শুকনো খাবারের ব্যবস্থা করা হচ্ছে।’

