নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। শহীদদের আত্মত্যাগে আমরা মানচিত্র পেয়েছি। তারা চিরদিন অম্লান হয়ে বেঁচে থাকবে আমাদের হৃদয়ে। তাদের আত্মদানকে স্মরণ করে ২০১৫ সালে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৩০ লাখ পরিবারকে নতুন সংযোগ প্রদান করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ২০২১ সাল থেকে সরে এসে ২০১৮ সালের মধ্যে সবার ঘরে বিদ্যুৎ পৌঁছাতে হবে। স্বাধীনতা পরবর্তী সরকারের ৩৬ বছরের তুলনায় বিদ্যুৎ খাতে যে কাজ হয়েছে তার সমান বৈদ্যুতিক উৎপাদন, সঞ্চালন ও বিতরণ হয়েছে বর্তমান সরকারের ৬ বছরের সময়ে। অবকাঠামো শক্তিশালী করা ও উৎপাদন বৃদ্ধিতে বিদ্যুতের ক্ষেত্রে নীরব বিপ্লব ঘটে গেছে। ফেনীর দাগনভূঞার সিন্দুরপুর ইউনিয়নের দরবেশেরহাট আলিম মাদ্রাসা মিলনায়তনে গত শুক্রবার ৬টি গ্রামে পল্লী বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন এসব কথা বলেন। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ পেয়ার, সাবেক চেয়ারম্যান এড.এম শাহজাহান সাজু, সমিতির পরিচালক ইসমাইল হোসেন লিটন ও সামছুন নাহার ফরিদা প্রমুখ।

