জামালপুর প্রতিনিধি : যমুনা, ব্রহ্মপুত্রসহ শাখা নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরে বন্যা পরিস্থিতি মারাত্মক রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি ১৫ সেন্টিমিটার বেড়ে শনিবার সকালে বাহাদুরাবাদ পয়েন্টে বিপৎসীমার ৬১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। জেলার সাত উপজেলার দুই’শর বেশি গ্রাম ভাসছে বন্যার পানিতে।
যমুনা ও ব্রহ্মপুত্রের পানি ফুলে ফেপে ছড়িয়ে পড়ছে বিস্তীর্ণ জনপদে। জেলার সাত উপজেলার দু’ শতাধিক গ্রামের বাড়ি-ঘর ছাড়াও তলিয়ে গেছে ৩০ হাজার হেক্টরের বেশি জমির ফসল। পানি ওঠায় বন্ধ ঘোষণা করা হয়েছে ১৩৭টি শিক্ষা প্রতিষ্ঠান। দু’সপ্তাহের বেশি সময়ের বন্যায় জেলার লক্ষাধিক পানিবন্দি মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে। ঘরে খাবার নেই, কাজ নেই, নেই গো-খাদ্য। টিউবওয়েল ডুবে যাওয়ায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সঙ্কট।
জামালপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত ১৭৩ মে. টন চাল ও নগদ সাড়ে ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এছাড়াও ১ হাজার ৩০০ প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে দুর্গতদের।

