রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পাংশা থানার সাবেক ওসি মিজানুর রহমান ও সজল হত্যার ১নং আসামি তালিকাভুক্ত চরমপন্থি নেতা কামাল হোসেন কামাল (৪৭) ও ওমর খাঁ (৩৫) ও নিহত হয়েছেন। এসময় পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ ৫ পুলিশ সদস্য আহত হন।
বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার পূর্ব পাট্টা ইউনিয়নের জনৈক মোস্তফার মেহগণি বাগানে পুলিশের সঙ্গে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত কামাল হোসেন কামাল উপজেলার শান্তিখোলা গ্রামের মৃত জিয়াউর মণ্ডল জিয়ার ছেলে ও নিহত ওমর খাঁ (৩৫) পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের বড় চৌবাড়িয়া চরপাড়া গ্রামের জালাল খার ছেলে।
পাংশা মডেল থানার ওসি আবু শ্যামা ইকবাল হায়াত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পাংশা থানা পুলিশের সদস্যরা ডাকাত ওমর খাঁ ও কামালকে গ্রেপ্তার করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্র উদ্ধারের জন্যে পাংশা উপজেলার পূর্ব পাট্টা ইউনিয়নের জনৈক মোস্তফার মেহগণি বাগানে নিয়ে যায়। এ সময় ডাকাত গ্রুপের সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি করে। তাদের সহযোগী ডাকাতের গুলিতে আহত অবস্থায় ওমর ও কামালকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ সময় আহত হন পাংশা থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে ২টি ওয়ানশ্যুটারগান, ১টি একনালা বন্দুক ও ৫ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওমর ও কামালের লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

