বগুড়া প্রতিনিধি : ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও বগুড়া শহর শিবিরের সাবেক সভাপতি আলাউদ্দিন সোহেলকে (৩২) গ্রেপ্তারের কথা স্বীকার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শহরতলীর সাবগ্রাম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে ৫২টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রাতে জয়পুরহাট থেকে ঢাকায় যাওয়ার পথে শাজাহানপুর থানার পুলিশ তাকে আটক করে বলে শিবিরের পক্ষ থেকে সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। কিন্তু বৃহস্পতিবার দিনভর পুলিশের দায়িত্বশীল পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করেন। বিকেলের পর থেকে এবিষয়ে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে রাতে গ্রেপ্তারের বিষয়টি পুলিশ স্বীকার করে। আর পুলিশের এ স্বীকারোক্তির মধ্য দিয়ে প্রমাণ হলো শিবিরের দেয়া প্রেস বিজ্ঞপ্তির তথ্যই সঠিক ছিল।

