সাতক্ষীরা প্রতিনিধি : ভারতে পাচারের সময় সাতক্ষীরার আলিপুর চেকপোস্ট এলাকা থেকে ট্রাকভর্তি ১৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বৃহস্পতিবার সকালে ভোমরা সীমান্তের আলিপুর চেকপোস্ট এলাকা থেকে ট্রাকভর্তি ওই মাছগুলো জব্দ করা হয়।
বিজিবি জানায়, ভোমরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে ট্রাকভর্তি ইলিশ মাছ আনা হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে আলিপুর চেকপোস্ট এলাকায় অভিযান চালানো হয়। সেখানে ইলিশ মাছভর্তি একটি ট্রাক গতিরোধ করা হয়। এ সময় চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি সদস্যরা ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫টি কার্টনে রাখা ১৫০০ কেজি ইলিশ মাছ জব্দ করেন। পরে বিজিবি সদস্যরা সেখান থেকে ট্রাকসহ (ঢাকা মেট্রো-১৪-০৪৮৬) ইলিশ মাছগুলো জব্দ করে বিজিবি তালতলাস্থ ৩৮ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে নিয়ে আসেন।
সাতক্ষীরার ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

