রাজশাহী প্রতিনিধি : পুঠিয়া উপজেলায় এক ইউপি মেম্বারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করায় বাদীকে অপহরণ করার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই মেম্বারের তিন সহযোগীকে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছেন এলাকাবাসী।
আটকরা হলেন- উপজেলার জিউপাড়া পন্নাপাড়া গ্রামের মেম্বারের বড় ভাই মোজাম (৪৫), একই এলাকার আজগর আলী (৪০) ও বেলাল (৪০)। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়ম, চলতি বছরের ২৩ জুলাই জিউপাড়া ভাটুপাড়া এলাকার এক মেয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় মেম্বার জয়নাল বিয়ের প্রলভোন দিয়ে ওই মেয়েকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরে মেয়েটি বিষয়টি তার পরিবারকে জানায়। এর এক মাস পরে সোমবার দুপুরে ভুক্তভোগী বাদী হয়ে পুঠিয়া থানায় জয়নালের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে।
মামলার ঘটনা জয়নাল মেম্বার জানার পর সে তার লোকজন নিয়ে ওই মেয়ের বাড়িতে অপহরণের উদ্দেশ্যে হামলা চালায়।
এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যা ৭টায় জিউপাড়া ভাটুপাড়া এলাকায় ওই মেয়ের বাড়িতে একই এলাকার মেম্বার জয়নাল আবেদীন ও তার ৪ সহযোগী দুইটি মোটরসাইকেলযোগে হামলা চালায়। হামলাকারীরা ভিকটিম ও তার মাকে মারপিট করে। পরে ওই মেয়েকে অপহরণের চেষ্টা করে। এ সময় সে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে জয়নালের সহযোগী তিন জনকে একটি মোরসাইলসহ আটক করে গণধোলাই দেয়।
পরে তারা স্থানীয় চেয়ারম্যানকে সংবাদ দেয়। চেয়ারম্যান পুঠিয়া থানা বিষয়টি জানালে পুঠিয়া থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে মোজাম, আজগর ও বেলালকে আটক করে নিয়ে আসে। পরে আহত জমেলা বেগমকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে পুঠিয়া অফিসার ইনর্চাজ (তদন্ত) হাফিজুর রহমান জানান, জয়নাল মেম্বারসহ আটকদের বিরুদ্ধে অপহরণ ও মারপিটের একটি মামলা দায়ের করা হয়েছে।

