নিজস্ব প্রতিবেদক : লুটপাট, দুর্নীতি আর আমলাপুষ্টির দায়ভার শ্রমিক জনতা নেবে না উল্লেখ করে অবিলম্বে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি বন্ধের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক ফেডারেশন। এ সিদ্ধান্তে স্বল্প আয়ের শ্রমিক ও সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যাবে। পাশাপাশি বাড়ীর মালিকরা আরো বেপরোয়া হয়ে উঠবেন বলে আশঙ্কা করছে সংগঠনটি।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত এক শ্রমিক সমাবেশে এ আশঙ্কা প্রকাশ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক আমিরুল হক।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকা শহারে বেশিরভাগ মানুষ ভাড়া বাড়িতে থাকে। এখানে বাড়ির মালিকরা এমনিতেই কোন নিয়মনীতির তোয়াক্কা না করে ইচ্ছামত বাড়িভাড়া নির্ধারণ করেন। এমতাবস্থায় যদি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয় তাহলে তারা আরো বেপরোয়া হয়ে উঠবেন। এছাড়াও ঢাকা শহরসহ সাড়া দেশেই শ্রমিক ও স্বল্প আয়ের মানুষদের জন্য জীবন ধারণ করা কঠিন হয়ে পড়বে।
বক্তারা আরো বলেন, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধির ফলে যাতায়াতে শ্রমজীবী মানুষকে অতিরিক্ত ভাড়া গুণতে হবে। পাশাপাশি খাদ্য উৎপাদন খরচ বেড়ে যাবে। ফলে জনজীবন বিপন্ন হবে।
সংগঠনের সভাপতি আ স ম জাকারিয়ার সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা দেলয়ার হোসেন,বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ব্যুরোর সদস্য কামরুল হাসান প্রমুখ।

