ভোলা প্রতিনিধি : চরফ্যাশনের দক্ষিণ উপকূলের বঙ্গোপসাগরে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারসহ ১০ জেলে নিখোঁজ রয়েছে। স্থানীয়ভাবে ঢালচর ঘাটের জেলেরা উদ্ধার অভিযান শুরু করেছে।
মঙ্গলবার সকালে বঙ্গোপসাগরের তাউরার শফির চর নামক এলাকায় ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজদের মধ্যে মাঝি শরীফ, আজাদ, আকতার, জহির, মমিনের নাম জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিখোঁজ অপর জেলেদের নাম পরিচয় জানা যায়নি।
ঢালচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার শাহ আলম ও ঢালচর মাছঘাট সমিতির সভাপতি আব্দুস সালাম হাওলাদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় জেলেরা জানায়, মঙ্গলবার সকালে ঢালচরের আনন্দ বাজার ঘাট থেকে মাছধরার উদ্দেশ্যে সাগরে যাওয়ার পথে তাউরার শফির চর এলাকায় পৌঁছলে ঢেউয়ের তোপে শরীফ নামের এক মাঝির ট্রলার ডুবে যায়। এতে ট্রলারের মাঝি শরীফ, আজাদ, আকতার, জহির, মমিনসহ ১০ জেলে নিখোঁজ হন। তাৎক্ষণিকভাবে নিখোঁজ অপর জেলেদের নাম পরিচয় জানা যায়নি।
ঢালচর ঘাট সমিতির সভাপতি আব্দুস সালাম হাওলাদার জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে ঢালচর ঘাট থেকে একাধিক ট্রলার ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

