চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম মহানগরীর আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, মোটরসাইকেল চুরি রোধ ও চুরির সঙ্গে জড়িতদের গ্রেফতারে মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ।
চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এ অভিযান চালাবে। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য এ তথ্য জানান।
পুলিশ জানায়, চট্টগ্রাম মহানগরীর অপরাধ রোধ, নিয়ন্ত্রণ ও অপরাধীদের আইনের আওতায় আনতে পুরো সেপ্টেম্বর মাসজুড়ে চলবে বিশেষ অভিযান। প্রতিদিন সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপুর্ণ মোড়ে বসানো হবে চেকপোস্ট।
রোববার চট্টগ্রামের লালদিঘীর পাড়স্থ মেট্টোপলিটন পুলিশ সদর দপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
দেবদাস ভট্টাচার্য জানান, নগর পুলিশের মাসিক আইনশৃঙ্খলাবিষয়ক সভায় সাম্প্রতিক সময়ের নগরীর আইনশৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মোটরসাইকেল চুরি, ছিনতাই ও মাদকের বিষয়টি গুরুত্ব পায় আলোচনায়। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে আগামীকাল থেকে মাসজুড়ে নগরীতে বিশেষ অভিযান চালনো হবে। আগামী ১৫ দিনের মধ্যে নগরীর ৪১ ওয়ার্ডে কমিউনিটি পুলিশের কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়াও যেসব থানায় নিজস্ব জমি নেই সেইসব থানার জন্য আগামী তিন মাসের মধ্যে জমি খুঁজতে নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ।

