মেহেরপুর প্রতিনিধি : গণহিস্টিরিয়ায় অসুস্থ হওয়ায় মেহেরপুর সদর উপজেলার শোলমারী মাধ্যমিক বিদ্যালয়ের অর্ধশতাধিক ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের ক্লাস চলার সময় আকস্মিক এ ঘটনা ঘটে।
শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন জানান, বিদ্যালয়ের ক্লাস চলাকালে সপ্তম শ্রেণির ছাত্রী সানজিদা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে চিকিৎসকের কাছে পাঠানোর প্রস্তুতি চলাকালে সে অজ্ঞান হয়। তার দেখাদেখি বিভিন্ন শ্রেণির ৬২ জন ছাত্রী অসুস্থ ও অজ্ঞান হয়ে পড়ে। দ্রুত তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. অলোক কুমার দাস জানান, মাস সাইক্রেটিক রোগে আক্রান্ত হয়ে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ একজনের দেখাদেখি তার সঙ্গীরা অসুস্থ হয়ে পড়ে। তবে এতে দুঃশ্চিন্তার কিছু নেই। প্রাথমিক চিকিৎসায় ছাত্রীরা দ্রুত সুস্থ হয়ে উঠবে।

