কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারে বাস খাদে পড়ে মা-ছেলেসহ তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওয়ের ইসলামাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য কামালউদ্দিন, মহেশখালী উপজেলার নওয়াপাড়ার আমিরুজ্জামানের স্ত্রী রাজিয়া বেগম ও তার ছেলে সাগর।
রামু হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, রাতে কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের একটি বাস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওয়ের ইসলামাবাদ এলাকায় আসার পর চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি খাদে পড়ে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হন। আহত হন পাঁচ জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে রবিবার দুপুর আড়াইটার দিকে ইউপি সদস্য কামালউদ্দিন মারা যান।


