নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ওয়ারীতে অভিযান চালিয়ে ১৫ হাজার পিস ইয়াবাসহ সন্দেহভাজন দুই মাদক বিক্রেতাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রবিবার সকালে এ তথ্য জানানো হয়।
এর আগে শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় তাদের আটক করা হয়। আটকরা হলেন— ইউসুফ আহমদ ও মো. শুভ।
ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) খন্দকার নুরুন্নবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু্ই মাদক বিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

