নিজস্ব প্রতিবেদক : রাজধানীতে পৃথক স্থানে গলায় ফাঁস দিয়ে দুইজন আত্মহত্যা করেছেন। এদের মধ্যে একজন বৃদ্ধ অপরজন নারী।
শনিবার রাতে সবুজবাগ থানার মায়াকানন মসজিদ এলাকায় ফারজানা মুক্তা (২৮) এবং উত্তরখানের জামতলা বালুর মাঠ এলাকায় আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।
সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র ভৌমিক জানান, ফারজানা মুক্তা নামের ওই নারীর আগে দুইবার বিয়ে হয়েছিল। কোনো সংসারই টেকেনি, তালাক হয়ে যায়। পরে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। হতাশাজনিত কারণে মুক্তা আত্মহত্যা করতে পারেন বলে জানিয়েছে পরিবার। মুক্তা নরসিংদির পলাশ থানার ফজলুল হকের মেয়ে।
অপর ঘটনার বিষয়ে উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, শনিবার দুপুর ১টায় জামতলা বালুর মাঠ আব্দুল লতিফের বাড়ি থেকে আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধ রিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের স্ত্রী শেফালি বেগম বিভিন্ন বাসায় কাজ করেন।
মরদেহ দু’টি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

