চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে বিএসএফের গুলিতে পাঁচ গরু ব্যবসায়ী আহত হয়েছেন। আটজন নিখোঁজ রয়েছেন।
আহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুস সাত্তার (৪০), তার ছেলে শহিদুল (২৮), একই গ্রামের নুরতাজ (৪৫), শরিফুল (২৯) ও নামোজগন্নাথপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে ইউনুস (২৬)।
আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার ভোররাত ৩টার দিকে। এ সময় বিএসএফ আটজনকে ধরে নিয়ে গেছে।
৯ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. নাজমুল আলম জানান, বিষয়টি জানার পর খোঁজখবর নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাত ৩টার দিকে একদল গরু ব্যবসায়ী রঘুনাথপুর সীমান্ত দিয়ে গরু আনার জন্য অবৈধপথে ভারত যাচ্ছিল। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ থানার নিমতিতা বিওপির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। এতে পাঁচজন আহত হয়ে বাংলাদেশ পালিয়ে আসলেও আটজনকে বিএসএফ ধরে নিয়ে যায়।

