চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ১০ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের দায়ে ছলিম উল্লাহ (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম এই রায় ঘোষণা করেন। একই রায়ে দণ্ডিত আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা পরিশোধেরও আদেশ দিয়েছেন। দণ্ডিত আসামি পলাতক রয়েছে।
চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জেসমিন আক্তার জানান, ২০১০ সালের ২৪ এপ্রিল বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে ১০ বছরের কিশোরী জঙ্গল থেকে ছাগল আনতে গেলে ছলিম উল্লাহ নামের ওই যুবক শিশুটিকে একা পেয়ে জঙ্গলের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণ করে।
এ ঘটনায় ২৯ এপ্রিল ছলিম উল্লাহর বিরুদ্ধে বাঁশখালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন শিশুর মা। ২০১০ সালের ২৮ জুলাই আসামির বিরুদ্ধে আদালতে চার্জ গঠনের পর মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার আদালত মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামি বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের জনৈক বদিউল আলমের ছেলে।

