রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর তানোরে ফাদারের কাছে চিকিৎসা নিতে গিয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির এক নারী অপচিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।
অপচিকিৎসায় মৃত ওই নারীর নাম ফুলমতি মুর্মু। মঙ্গলবার গভীর রাতে তিনি মারা যান। ঘটনাটি ঘটে তানোরের মুন্ডুমালা পৌর এলাকার সাধু জন মেরী ভিয়ানী গীর্জায়।
পরে খবর পেয়ে সকাল ১১টার দিকে পুলিশ গিয়ে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে। সেই সঙ্গে গীর্জার ফাদারের ছয় সহকর্মীকে আটক করে। আটককৃতরা হলো, মিস্টার রতন হামদা (২৫), ছিয়াজ হেমব্রম (২৪), হিউব্রাক জেভি মার্ডি (২১), মিস বিলানী (৩৫), ফাল্গুনি মার্ডি (১২) ও বর্ষা মার্ডি (১২)।
মৃত ফুলমিতি মুর্মুর পরিবারের সদস্যরা জানান, তানোরের চুনিয়াপাড়া গ্রামের মৃত বাজেম মার্ডির স্ত্রী জ্বর-স্বর্দিতে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসা নিতে যান মুন্ডুমালা এলাকার সাধু জন মেরী ভিয়ানী গীর্জায়। এরপর ওই গীর্জার ফাদার মাইকেল ফুলমতিকে দেখে জানান, তাকে জ্বীনে ধরেছে। তার ওষুধে রোগ সারবে না। জ্বীন তাড়াতে অন্য চিকিৎসা দিতে হবে।
ফাদার এরপর তার অনুসারীদের ফুলমতির ওপর অত্যাচার চালাতে বলেন। সেই নির্দেশ পেয়ে ফাদার মাইকেলের ছয় শীষ্য মিলে ফুলমতির শরীর থেকে জ্বীন তাড়ানোর জন্য অত্যাচার নির্যাতন চালাতে থাকেন। কেউ ঝাঁটা দিয়ে আবার কেউ, স্যান্ডেল দিয়ে আবার কেউ লাথি মেরে জ্বীন তাড়াতে থাকেন। এরই একপর্যায়ে ফুলমতি মারা যায়।
এদিকে অপচিকিৎসায় ফুলমতি মুর্মুর অপচিকিৎসায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বুধবার সকাল ১১টার দিকে পুলিশ ওই গীর্জায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। এ সময় ফুলমতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তানোর থানায় নিয়ে আসা হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘অপচিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় ছয়জনকে আটক করা হয়েছে। এ নিয়ে মামলা করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

