মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজংয়ের কুমারভোগের পদ্মাসেতু প্রকল্প এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে।
বুধবার সকালে সেখানে একশ মিটারের বেশি এলাকা নদীতে বিলীন হয়ে গেছে। ভেঙে গেছে ৩ নং জেটি ও ডুবে গেছে জিও ব্যাগসহ বালুভর্তি ট্রলার। বাঁশের বেড় দিয়ে বালুভর্তি জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন শ্রমিকরা।
পদ্মার স্রোতের গতিপথ পরিবর্তন করতে ভাঙনকবলিত এলাকায় ইতিমধ্যে কয়েক লাখ বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কয়েকটি গ্রুপে ভাগ হয়ে শ্রমিকরা পদ্মার ভাঙন ঠেকাতে অবিরাম কাজ চালিয়ে যাচ্ছেন।
তবে পদ্মার এই ভাঙনে সেতু নির্মাণে কোন প্রকার ক্ষতি হবে না বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় পদ্মাসেতু শিপইয়ার্ড প্রকল্প এলাকায় আকস্মিক ভাঙনে ৬০ মিটার এলাকা নদীতে বিলীন হয়ে যায়। এর আগে গত ২ জুলাই প্রকল্পের চার নম্বর জেটির কাছে প্রায় ৫০০ ফুট বিস্তীর্ণ এলাকা পদ্মাগর্ভে হারিয়ে যায়।

