খুলনা প্রতিনিধি : খুলনায় এবার অ্যাসিডে ঝলসে গেল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কানিজ ফাতেমা সাথী (২৫) ও তার ভাই শাওনের শরীর।
সোমবার রাত সাড়ে ৮টারদিকে নগরীর বয়রা মহিলা কলেজ রোডে পোস্ট মাস্টার জেনারেল (পিএমজি) কলোনির গেটে এ ঘটনা ঘটে।
অ্যাসিড দগ্ধদের বাবা পিএমজি কলোনির বাসিন্দা আয়ুব আলী শরীফ জানান, তার মেয়ে কানিজ ফাতেমাকে বয়রাস্থ ওরাকল বিসিএস কোচিং সেন্টার থেকে ছোট ভাই শাওন মোটরসাইকেলে করে বাসায় ফিরছিল। এ সময় পিএমজি গেটের সামনে এলে একটি মোটরসাইকেলে ২/৩ জন দুর্বৃত্ত তাদের অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছেন। কানিজ ফাতেমার মুখসহ শরীরের ২৫ ভাগ ও শাওনের পিঠের কিছু অংশ ঝলসে গেছে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ জানান, ঘটনাস্থল থেকে অ্যাসিডে ঝলসানো ওড়না ও গেঞ্জি আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তবে কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
তিনি জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে গিয়েছেন সহকারী পুলিশ কমিশনার সোনাডাঙ্গা ও সদর জোন শেখ মাহবুবুর রহমান।


