দিনাজপুর প্রতিনিধি : নির্মাণ শেষ হওয়ার আগেই বীরগঞ্জের সিংড়া ফরেস্টের নর্ক নদীর উপর নির্মাণাধীন ফুটব্রিজটি ভেঙে পড়েছে। নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা ভাবে কাজ করায় টানা বর্ষণে এটি ভেঙে পড়েছে বলে মনে করছে স্থানীয়রা।
সূত্রমতে, দিনাজপুরের বিনোদন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বীরগঞ্জ উপজেলায় অবস্থিত জাতীয় উদ্যান সিংড়া শালবন ও পিকনিক স্পট। কিন্তু সিংড়া শালবনের মূল সৌন্দর্য ভ্রমণ পিপাসুদের কাছ থেকে বিছিন্ন করে রেখেছে নর্ত নদী। বনের মাঝ দিয়ে বয়ে যাওয়া নর্ত নদীতে তাই ব্রিজ নির্মাণের দাবি উঠে পর্যটকদের কাছ থেকে। দাবি অনুযায়ী সংরক্ষিত বন এলাকা উন্নয়নের ধারাবাহিকতায় গেল অর্থ বছরে বনবিভাগের নিজস্ব অর্থায়নে নর্ত নদীতে দর্শনাথীদের চলাচলের জন্য ২৩ লাখ টাকা ব্যয়ে ১৫১ মিটার দীর্ঘ ফুট ব্রিজ নির্মাণে টেন্ডার আহ্বান করা হয়।
ওই টেন্ডারে দিনাজপুর জেলা সদরের গৌরচন্দ্র শীল ঠিকাদার নির্বাচিত হন। তিনি ইতোমধ্যে ব্রিজের এক তৃতীয়াংশ নির্মাণ কাজ শেষ করেছেন। বাকি অংশ পাইলিং শেষ করে সাটারিং করছেন। কিন্তু কয়েকদিনের টানা বৃষ্টির কারণে গত ২০ আগস্ট দিনগত রাতে ব্রিজের নির্মিত অংশ ভেঙে যায়।
নির্মাণাধীন ব্রিজ নদী গর্ভে ভেঙে পড়ায় স্থানীয় ইউপি আওয়ামী লীগের সভাপতি আদম মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, ঠিকাদার ও তদারকির দায়িত্বে নিয়েজিত বন বিভাগের লোকেরা জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। অতি নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা গোছের কাজ ও তড়িঘড়ি বিলের টাকা উত্তোলন করে ভাগাভাগিতে লিপ্ত হয়েছেন। আবারো উন্নতমানের সামগ্রী দিয়ে মানসম্মত কাজ করে দেয়ার দাবি জানান তিনি।
এ ব্যাপারে ব্রিজ নির্মাণ কাজের দেখভাল করার দায়িত্বে নিয়োজিত বনবিভাগের রেঞ্জার নিজামদ্দৌলা সাংবাদিকদের বলেন, কেন ব্রিজ ভেঙে পড়েছে তা আমার জানা নাই। ঠিকাদার ও কনসালটেন্ট এ ব্যাপারে ভালো বলতে পারবেন।

