চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদা ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সাদেকুর নাহার গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। শ্লীলতাহানি ও টাকা চুরির অপবাদ সইতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে এলাকাবাসী জানিয়েছেন।
সাদেকুর নাহার দামুড়হুদা উপজেলার অরামডাঙ্গা গ্রামের আমির বিশ্বাসের মেয়ে।
চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান জানান, শনিবার সকালে সাদেকুর নাহারের চাচাতো ভাই কামাল বিশ্বাস কসাইয়ের (৩৫) ১ লাখ ৩২ হাজার টাকা চুরি হয়। কামাল সাদেকুর নাহারকে এই টাকা চুরি অপবাদ দেয়। চুরির মিথ্যা অপবাদ সইতে না পেরে সাদেকুর নাহার তার নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। তবে ময়না তদন্তের পর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।
এদিকে অরামডাঙ্গা গ্রামবাসী জানান, সাদেকুর নাহার দেখতে খুব সুন্দর। তার চাচাতো ভাই কামাল বিশ্বাস ওরফে কামাল কসাই তাকে শ্লীলতাহানির চেষ্টা করে এবং ঘটনাটি জানাজানি হলে সে ১ লাখ ৩২ হাজার টাকা চুরির মিথ্যা অপবাদ দিয়ে তাকে মারধর করে। এই অপমান সইতে না পেরে সাদেকুর নাহার আত্মহত্যার পথ বেছে নেয়।
পুলিশ তার লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

