নিজস্ব প্রতিবেদক : ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার বিষয়ে কথা বলতে গিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘২১ আগস্টের হামলা বিচার না হলে এই দেশে গণতন্ত্র স্থিতিশীল হবে না।’
শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আওয়ামী শিল্পী গোষ্ঠী ঢাকা জেলা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের ওই হামলার ঘটনাকে ১৫ আগস্টেরই এরকটি সংস্করণ বলেও মন্তব্য করেন সুরঞ্জিত। তিনি বলেন, ‘রাজনৈতিক উদ্দেশে, রাজনৈতিক চিন্তায় ও রাজনৈতিক পরিকল্পনায় ২১ আগস্ট হত্যাটি হয়েছিল। ১৫ আগস্টেরই আরেকটি সংস্কারণ মাত্র। ১৫ আগস্টে যারা বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করে বাংলাদেশে ২৬ বছর শাসনভার নিয়েছেন। ওই শক্তি তখন ক্ষমতায় ছিল।’
ভয়াল এই ঘটনার বিচার দ্রুত শেষ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমি বিচার প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্টদের আহ্বান জানাবো এই বিচার অবিলম্বে শেষ করেন। আন্তরিকতার সঙ্গে এই বিচার এ বছরের মধ্যে অবশ্যই করতে হবে।’
চলতি বছরে এই হামলার বিচার শেষ হবে কি না তা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘এই বিচার চলতি বছরের মধ্যে শেষ হবে কি না আমার সংশয় আছে। এই বিচারের সঙ্গে স্বাধীনতার পরাজিত শক্তিরা, যারা আমাদের পরাজিত করতে চায় তাদের সংশ্লিষ্টতা রয়েছে। একাত্তরের ১৬ ডিসেম্বর তারা যেমন পরাজিত হয়েছিল, পঁচাত্তরের ১৫ আগস্ট তারা যেমন পরাজিত হয়েছিল, ২১ আগস্টের বিচার হলে তারা আবারও পরাজিত হবে বলে আমার বিশ্বাস।’
আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, ‘জামায়াত-বিএনপি ক্ষমতায় থেকে, জিয়াউর রহমানের পুত্র হাওয়া ভবন থেকে এই হামলা পরিচালনা করে। তাদের মূল উদ্দেশ্যে ছিল আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ওখানে মেরে ফেলা।’
আয়োজক সংগঠনের সহ-সভাপতি ইস্কানদার মীর্জার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, সংগঠনের সদস্য সচিব হুমায়ুণ কবির মিজি প্রমুখ।

