গাজীপুর প্রতিনিধি : দক্ষিণ শালনা এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাইদুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সাইদুল ইসলাম বাড্ডা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী এবং একই এলাকার জইমত আলীর ছেলে।
সোহেল হত্যাসহ বেশ কয়েকটি হত্যা মামলার আসামি সাইদুল।
গাজীপুর জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় দক্ষিণ সালনা এলাকায় গোপন বৈঠকের সময় সাইদুলকে অস্ত্রসহ আটক করা হয়। ভোরে অস্ত্র উদ্ধার ও তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য সালনার হাতেম আলীর পুকুর পাড় গেলে সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও পাল্টা গুলি করলে ঘটনাস্থলে সাইদুল গুলিবিদ্ধ হন।
এ সময় সন্ত্রাসীদের গুলিতে ডিবি পুলিশের ইয়াসিন ও উজ্জ্বল আহত হন। তাদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা সাইদুলকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, সাইদুল বাড্ডা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে বাড্ডা থানায় পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা ও অন্য তিনটি ভিন্ন ঘটনার মামলা।

