নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, ‘এমকে আনোয়ার একজন সম্মানিত প্রবীণ রাজনীতিবিদ। তাকে জেলে পাঠিয়ে সরকার তার প্রতি অমানবিক ও অসহিষ্ণু আচরণ করেছে। এ ধরনের আচরণের মধ্য দিয়ে সরকারের একদলীয় ফ্যাসিবাদী চরিত্রই অত্যন্ত নগ্নভাবে প্রকাশিত হয়েছে। দেশের মানুষের আজ বাক-স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার নেই। দেশে আইনের শাসন ও ন্যায় বিচার বলতে কিছুই নেই।’
তিনি বলেন, ‘সরকার বিরোধীদলের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেপ্তার করে জেলে বন্দী করে রাখছে। ক্ষমতা পাকাপোক্ত করার হীন উদ্দেশ্যেই বিরোধীদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করে তাদের ওপর জুলুম-নির্যাতন চালানো হচ্ছে। সরকার দেশকে রাজনীতি শূন্য করার গভীর ষড়যন্ত্রে লিপ্ত।’

