ঝিনাইদহ প্রতিনিধি : জেলার শৈলকুপায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
ঝিনাইদহ-শৈলকুপা-হাটফাজিলপুর সড়কে বাস ও মাহেন্দ্র চলাচলকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বের জের ধরে এ ধর্মঘট আহবান করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে শৈলকুপা উপজেলায় সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানান বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবীর।
ঝিনাইদহ-শৈলকুপা-হাটফাজিলপুর সড়ক থেকে অবৈধ মাহেন্দ্র, জেএসএ ও থ্রি-হুইলারসহ অবৈধ যান চলাচল বন্ধ করা না হয় তবে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে বাস-মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবীর ও জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি সাইদুল ইসলাম সাইদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবী করা হয়েছে, অত্রাঞ্চলের সড়ক মহাসড়কে নিয়ন্ত্রণহীন ভাবে অবৈধ যানবাহন চলাচল করছে। উচ্চ আদালত ও সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা থাকার পরও বেআইনীভাবে বিভিন্ন রুটে দাপটের সাথে চলাচল করছে। ফলে বাস-মিনি বাস মালিক ও শ্রমিকরা মানবেতর জীবন যাপন করছে।
জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, মাহেন্দ্র গাড়ির মালিক-শ্রমিকদের মানবিক দিকটি বিবেচনা করে সহাবস্থানের ভিত্তিতে চলাচলের লক্ষ্যে গত বছরের ১ এপ্রিল প্রশাসনের মধ্যস্থতায় মাহেন্দ্র গাড়ির মালিক ও চালক, শৈলকুপা এলাকার জনপ্রতিনিধি এবং মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক চুক্তিনামা স্বাক্ষরিত হয়। কিছুদিন ওই চুক্তিনামা মোতাবেক মাহেন্দ্রগুলি চলাচল করলেও এখন তারা চুক্তি ভঙ্গ করে চলাচল ও যত্রতত্র যাত্রী পরিবহন করে আসছে। এছাড়া তুচ্ছ ঘটনায় বাস গাড়ির স্টাফদের মারধর ও হরহামেশা দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করছে এবং ইচ্ছাকৃতভাবে বাস চলাচলে বাধা সৃষ্টি করছে।
এর প্রতিবাদে মাহেন্দ্র, জেএসএ ও থ্রিহুইলারসহ সকল প্রকার অবৈধ যানবাহন উচ্ছেদ না করা পর্যন্ত শৈলকুপা থেকে ইসলামী বিশ্ববিদ্যালয় ও ঢাকাগামী পরিবহনসহ পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
শৈলকুপা উপজেলা নিবার্হী অফিসার স্বন্দ্বীপ কুমার সরকার জানিয়েছেন সমঝোতার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এলাকার জনপ্রতিনিধিসহ মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। শীগগীরই একটা সমাধানে পৌছানো সম্ভব হবে।

