নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ তিন আসামির মৃত্যু হয়েছে। এরা হলেন- সুবেদার মেজর আব্দুল কাইয়্যুম (৬০), বাবুল মিয়া (২৮) ও আসাদুল্লাহ (৪৫)।
এরমধ্যে বাবুল মিয়া হত্যা মামলা ও আসাদুল্লাহ মাদক মামলার আসামি ছিলেন।
চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার রাতে তারা মারা যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন সুবেদার মেজর আব্দুল কাইয়্যুম। গতকাল রাতে কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আব্দুল কাইয়্যুমের গ্রামের বাড়ি নোয়াখালী সদরে। বিডিআর বিদ্রোহ মামলায় তার সাত বছর সাজা হয়েছিল বলে জানিয়েছেন তার ভায়রা ভাই খালেদ সাইফুল্লাহ।
অন্যদিকে মাদক মামলার আসামি বাবুল মিয়া চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে মারা গেছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি।
বাবুলের স্ত্রী কলি বেগম জানান, চলতি মাসের ৫ তারিখে পল্টন থানা পুলিশ মাদক মামলায় তার স্বামীকে গ্রেপ্তার করে। গত শনিবার কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে মারা যান তিনি।
অপরদিকে, আসাদুল্লাহ (৪৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে আটটার দিকে মারা যান তিনি।
কারারক্ষী জাকারিয়া জানান, আসাদুল্লাহ নারায়ণগঞ্জের একটি হত্যা মামলার আসামি ছিলেন। কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে গত ১৩ আগস্ট তাকে ঢামেকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ৮টায় মারা যান তিনি।

