কুমিল্লা প্রতিনিধি : পূর্ব বিরোধের জের ধরে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে হৃদয় নামের চার বছরের এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।
রোববার বেলা সাড়ে ১০টার দিকে নগরীর শুভপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ হৃদয় শহরের শুভপুর এলাকার রিকশাচালক মফিজ মিয়ার ছেলে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিশু হৃদয়ের হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়েছেন বলে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার দুলাল চন্দ্র সূত্রধর জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, পূর্ব বিরোধের জের ধরে রোববার সকালে সন্ত্রাসী হাসিব গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় রিকশাযাত্রী শিশু হৃদয় গুলিবিদ্ধ হয়। সংঘর্ষে উভয়পক্ষের তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেলেও হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, শুভপুর এলাকার সন্ত্রাসী নাজিম আনোয়ারকে লক্ষ্য করে গুলি ছুড়লে এই গুলি শিশু হৃদয়ের গায়ে লাগে। সন্ত্রাসী নাজিম গত বছর অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছিলেন। সম্প্রতি তিনি জামিনে ছাড়া পান। সন্ত্রাসী নাজিমের ধারনা আনোয়ারই নাজিমকে পুলিশে ধরিয়ে দিয়েছিল। এ কারণে উভয়ের মধ্যে বিরোধ চলে আসছিল।
এছাড়াও গত ২৩ জুলাই মাগুরায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অন্তঃস্বত্ত্বা নাজমা বেগম গুলিবিদ্ধ ও মোমেন নামে এক যুবক নিহত হন।

