বরিশাল প্রতিনিধি : নগরীর কাশিপুর এলাকায় ৭টি বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ওই এলাকার আনসার ভিডিপি কার্যালয়ের পাশে সুলতান আহম্মেদের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে। এতে ১৫ লাখ টাকা ক্ষতি দাবি করেছেন ঘর মালিক সুলতান আহম্মেদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুলতান আহম্মেদের ভাড়াটিয়া সৈবাল কান্তির বাসায় গ্যাস সিলেন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত ঘটে। কিছু বুঝে ওঠার আগেই ওই আগুন পাশের আরও ৫টি ভাড়াটিয়া ঘরে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসে খবর দেয়া হয়। কিন্তু অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন পার্শ্ববর্তী ঘর মালিক সুলতান আহম্মেদের বাসায়ও ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই ৭টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. আলাউদ্দিন।

