নিজস্ব প্রতিবেদক : গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তকরণ, রেশনিং ব্যবস্থা ও অবসর ভাতার দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গ্রাম পুলিশ বাহিনীকে জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্তকরণ, রেশনিং ব্যবস্থা ও অবসর ভাতার দাবি’ শীর্ষক এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে ৬৪ জেলায় ৪২০ টি উপজেলার সাড়ে চার হাজার ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশরা যে কি মানবেতর জীবনযাপন করছেন তা প্রকাশ করার মতো না। তাদের কাজের কোনো সীমা পরিসীমা নেই।
তারা বলেন, জন্ম নিবন্ধন, মৃত্যু রেজিস্ট্রারি, চেয়ারম্যান- মেম্বার, ওসি, ইউ ও সবার ডাকে হাজির হওয়াসহ প্রায় ৭০ ধরনের কাজ করতে হয় গ্রাম পুলিশের। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় আমাদের। কিন্তু সেই আমাদের বেতন ভাতা অতি অল্প।
এ সময় গ্রাম পুলিশদের জাতীয় স্কেল অন্তর্ভুক্ত করা, গ্রাম পুলিশ বাহিনীর জন্য রেশনের ব্যবস্থা, বৃদ্ধ অবসর প্রাপ্ত গ্রাম পুলিশদেরে অবসর ভাতা প্রদান ও অন্যান্য বাহিনীর ন্যায় গ্রাম পুলিশ বাহিনীর হেডকোয়ার্টার স্থাপন করার দাবি জানানো হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বাবু সত্য নারায়ণ দাস, কেন্দ্রীয় কমিটির কার্যকারী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন খান, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।

