নিজস্ব প্রতিবেদক : ফেলানী হত্যা মামলার বিচারিক পদ্ধতি নিয়ে যদি তার পরিবারের কোনো আপত্তি থাকে, তবে ভারতের সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফের পক্ষ থেকে অন্য আদালতে আবারো বিচারের জন্য মামলা করা হবে। বিজিবিকে এ তথ্য জানিয়েছেন বিএসএফ মহাপরিচালক।
রোববার সকালে বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল আজিজ আহম্মেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
বিজিবি মাহপরিচালক বলেন, ‘গত ২ থেকে ৬ আগস্ট পর্যন্ত নয়াদিল্লিতে বিএসএফ সদর দপ্তরে বিজিবি-বিএসএফ বৈঠকে ফেলানীর বিচার সম্পর্কে জানতে চাইলে বিএসএফের পক্ষ থেকে এ কথা জানানো হয়।’
তিনি বলেন, ‘আমরা বিএসএফ’র কথায় কিছুটা হলেও আশ্বস্ত হয়েছি। তবে বিজিবির পক্ষ থেকে ফেলানীর বিচারের ক্ষেত্রে কিছু করার নাই। কারণ বিষয়টি বিচারাধীন।’
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহম্মেদ বলেন, ‘আমি সীমান্ত সম্মেলনে বিএসএফ ডিজিকে একান্ত আলাপকালে ফেলানী হত্যার পর বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট সম্পর্কে জানিয়েছি। তিনি বলেছেন- ভারতের নিম্ন আদালত থেকে ফেলানী সম্পর্কে যে রায় দিয়েছে তাতে আমি এখনো অনুমোদন দেইনি। তিনি বলেছেন- ফেলানীর পরিবারের সাথে কথা বলতে। তারা যদি এই রায় নিয়ে অসন্তুষ্ট থাকে অথবা সংবুব্ধ থাকেন তবে আইনজীবীদের মাধ্যমে আমাদের জানান। আমরা প্রয়োজনে অন্য আদালতে মামলা করবো।’
বিজিবি মহাপরিচালক আরো বলেন, ‘আমরা সপ্তাহখানিকের মধ্যে ফেলানীর পরিবারের সঙ্গে আইনজীবীদের কথা বলার ব্যবস্থা করবো। এজন্য বিজিবির পক্ষ থেকে ফেলানী পরিবারকে যেসব সহযোগিতা করা দরকার তার সব দেয়া হবে।’

