চট্টগ্রাম প্রতিনিধি : মহাসড়কে তিন চাকার অটো সিএনজি অটো রিকশা চলাচলে নিষেধাজ্ঞার ফলে গণপরিবহন সংকটের কারণে দুর্ভোগ পড়েছেন যাত্রীরা। এ দুর্ভোগ থেকে পরিত্রাণ দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড অংশে বিআরটিসি দুই জোড়া দ্বিতল বাস সার্ভিস চালু করেছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নির্দেশে শনিবার সকাল থেকে ৪টি দ্বিতল বাস সীতাকুণ্ড পৌর সদর এলাকা থেকে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট পর্যন্ত যাত্রী নিয়ে যাতায়ত করে।
এই সার্ভিসের ফলে এই উপজেলার হাজার হাজার বাসিন্দাদের দুর্ভোগ অনেকটা লাগব হবে বলে মনে করছেন স্থানীয়রা। সিএনজি অটো রিকশা চলাচল বন্ধ থাকায় এই সার্ভিস পেয়ে অনেকে সন্তোষ প্রকাশ করেছেন।
স্থানীয় বাস যাত্রীরা জানান, সীতাকুণ্ড থেকে চট্টগ্রাম শহরে বাস সার্ভিস চালুর দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল সীতাকুণ্ড বাসীর। তবে দেরিতে হলেও মহাসড়কের অটো রিকশা চলাচল বন্ধের প্রেক্ষিতে বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়ায় শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে।
এ প্রসঙ্গে সীতাকুণ্ড উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আল মামুন বলেন, ‘যাত্রীদের দুর্ভোগ কমাতে বিআরটিসি’র ৪টি দ্বিতল বাস সার্ভিস চালু করা হয়েছে। এই বাসগুলো প্রতিদিন সীতাকুণ্ড পৌর সদর এলাকা থেকে চট্টগ্রাম মহানগরীর নিউ মার্কেট পর্যন্ত যাত্রী বহন করবে।’

