নিজস্ব প্রতিবেদক : কোমেনের প্রভাব কাটিয়ে গত সোমবার থেকে রাজধানীর আকাশে দেখা মিলেছিল রোদ্দুরের। কিন্তু কয়েক দিন যেতে না যেতেই আবার রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে। শুক্রবার দুপুরে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে। তবে আবহাওয়া অফিস জানিয়েছে এটা কোনো হঠাৎ বৃষ্টি নয়। এটি বর্ষাকালের নিয়মিত বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম বলেন, বর্ষাকাল শেষ হয়নি। বৃষ্টি হবেই। এছাড়া আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই তিন মাসে কমপক্ষে ৩ থেকে ৭টি মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হতে পারে।
এদিকে মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তার লাভ করেছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সেঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রা সম্পর্কে বলা হয়েছে- সারাদেশের দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।
এদিকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কি. মি. গতিতে বাতাস বইছে যার আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ।
আজ ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬ টা ৩৮ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫ টা ৩১ মিনিটে। এবং পরবর্তী ৭২ ঘণ্টার শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

