রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর পাংশা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আব্দুস সোবহান (৪৯)। এসময় ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, ৮টি গুলি ও ছয়টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের বুরুমারিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সোবহানের বিরুদ্ধে থানায় বিভিন্ন অপরাধের মামলা রয়েছে।
পাংশা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ননী গোপাল সরকার জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে সোবহানকে গ্রেফতার করা হয়। রাত দেড়টার দিকে তাকে নিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে সোবহানকে আহত অবস্থায় উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাকে মৃত ঘোষণা করেন।

