জয়পুরহাট প্রতিনিধি : জেলার পাঁচবিবির বাগজানা চম্পাতলী ব্রিজ এলাকায় পুলিশের সাঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সজল হোসেন নামে জেলার তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন।
মঙ্গলবার রাতের দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সজল হোসেন জেলা শহরের বিশ্বাসপাড়া এলাকার মৃত আক্কাস বিশ্বাসের ছেলে এবং প্রিন্স একই এলাকার মৃত নুরুজ্জামানের ছেলে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল জানান, মঙ্গলবার বিকেলে পাঁচবিবি উপজেলার রাধানগর এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ সজল হোসেন ও প্রিন্স নামে দুই মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়। পরে রাতে সজল হোসেনকে নিয়ে মাদক ও ইয়াবা উদ্ধারে একই উপজেলার বাগজানা চম্পাতলী ব্রিজ এলাকায় গেলে আগে থেকে ওত পেতে থাকা সজলের সহযোগী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে এবং তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। বন্দুকযুদ্ধের একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে সজল হোসেন মারাত্মক আহত হন। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে ২৫ বোতল ফেনসিডিল, সামুরাই, হাসুয়াসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করে।
আহত সজল হোসেনকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে অবস্থার অবনতি হলে রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ সজলের বিরুদ্ধে জয়পুরহাট সদর, পাঁচবিবি সহ বিভিন্ন থানায় কমপক্ষে ২০টি মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা রয়েছে।

