বান্দরবান প্রতিনিধি : টানা কয়েক দিনের ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ি ঢলে বান্দরবানে আবারো বন্যা দেখা দিয়েছে।
মাঝখানে তিনদিন বন্যার পরিস্থিতি উন্নত হয়ে বন্যা কবলিত এলাকার মানুষ আশ্রয়কেন্দ্র থেকে বাসাবাড়িতে ফেরার ৪-৫ ঘণ্টার মাথায় আবারো বন্যা দেখা দেয়ায় চরম দুর্ভোগে পড়েছে বন্যা কবলিত এলাকার মানুষ। পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে গত রাতে শহরে মাইকিং করা হয়েছে।
এদিকে, বান্দরবান-চট্টগ্রাম সড়কের বাজালিয়া কলঘর এলাকায় এবং জেলা সদরের স্বর্ণমন্দির এলাকার রাস্তা বন্যার পানিতে তলিয়ে যাওয়ার কারণে আবারো বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এছাড়াও জেলার বালাঘাটা, কালাঘাটা, পর্যটন স্পট নীলাচল, স্বর্ণমন্দিরসহ বিভিন্ন এলাকায় পাহাড় ধস অব্যাহত রয়েছে। রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলা সড়কে পাহাড় ধসে রাস্তায় ভেঙে পড়ায় বান্দরবান সদরের সঙ্গে এসব উপজেলায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

