নিজস্ব প্রতিবেদক : উত্তরার রাজলক্ষীতে এক কিশোরীকে (১৭) গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছে।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, গণধর্ষণের শিকার ওই কিশোরী আড়াই মাস আগে উত্তরার রাজলক্ষীতে স্বপ্ন সুপার শপে সেলসম্যান হিসেবে কাজ শুরু করে। গতকাল রাতে বাসায় ফেরার পথে ওই দোকানেরই কর্মচারি আরিফ ও কয়েকজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে।
কিশোরীর অভিযোগ, গতকাল রাতে দোকান থেকে বাসায় ফেরার পথে আরিফ তার সঙ্গে কথা বলার চেষ্টা করে। একপর্যায়ে আরিফ পাশের একটি নির্মাণাধীন ভবনের কাছে নিয়ে যায়। সেখানে আরিফসহ কয়েকজন মিলে তাকে ধর্ষণ করে।
মেয়েটির বোন জামাই বিল্লাল হোসেন জানান, গত বছর সে এসএসসি পাস করে। সংসারে অভাব অনটনের কারণে মেয়েটিকে ঢাকায় এনে কাজ দেই। গতকাল রাতে বাসায় ফিরে এসে গণধর্ষণেকর কথা জানায়। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করি। সেখান থেকে রাতেই ঢাকা মেডিকেল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করি।
গণধর্ষণের শিকার মেয়েটির গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জে। উত্তরায় ১২ নম্বর সেক্টরে বড় বোনের সঙ্গে থাকতেন।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন খান বলেন, গণধর্ষণের ঘটনা আমারা জানতে পেরেছি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ করে নাই। কাউকে আটকও করা হয়নি।

