নোয়াখালী প্রতিনিধি : ঘূর্ণিঝড় কোমেন মোকাবেলায় প্রস্তুত রয়েছে নোয়াখালী। ইতিমধ্যে জেলার প্রায় ২৫ হাজার লোককে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। ক্ষতিগ্রস্থদের জন্য নিরাপদ আশ্রয় ও মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলো প্রয়োজনে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের জন্য প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ, কবিরহাট, সূবর্ণচর ও হাতিয়া উপজেলা বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে নোয়াখালীর উপকূলীয় অঞ্চল সমূহকে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
সকাল ১০টায় নোয়াখালী জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অনুপম বড়ূয়ার সভাপতিত্বে ঘূর্ণিঝড় কোমেনের পূর্ব ও পরবর্তী সময়ে করণীয় শীর্ষক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহি, চরফকিরা, মুছাপুর ইউনিয়ন, কবিরহাট উপজেলার ঘোষবাগ, ধানশালিক, ধানসিঁড়ি উপজেলা, সূবর্ণচর উপজেলার চরজব্বর, চরবাটা, চরক্লার্ক, চরওয়াপদা, চরজুবলী, আমানউল্ল্যাহ, পূর্ব চরবাটা, মোহাম্মদপুর ইউনিয়ন এবং হাতিয়া উপজেলার সবগুলো ইউনিয়ন ঝুঁকিতে রয়েছে। ইতিমধ্যে এসব উপজেলাগুলোতে ঘূর্ণিঝড় পরবর্তী সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের নিরাপদ আশ্রয়ের জন্য কোম্পানীগঞ্জে ৩৩টি আশ্রয়কেন্দ্র, ১৩টি মেডিকেল টিম, কবিরহাটে ২২টি আশ্রয়কেন্দ্র, ১২টি মেডিকেল টিম, সূবর্ণচরে ৯৪টি আশ্রয়কেন্দ্র, সাতটি মেডিকেল টিম, হাতিয়ায় ১৫৩টি আশ্রয়কেন্দ্র ও চারটি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। এছাড়াও উপজেলাগুলোর সব সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলো প্রয়োজনে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার জন্য প্রস্তুত রাখা হয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ মহিউদ্দিন জানান, মঙ্গলবার রাত থেকে উপজেলার অধিক ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে অন্তত ২৫ হাজার লোকজনকে নিরাপদে ৩০টি আশ্রয়ণ কেন্দ্রে সরিয়ে আনা হয়েছে। সাগরে রেড এলার্ট জারি করে সব মাছ ধরা নৌকাসহ জেলেদের নিরাপদে সরিয়ে আনা হয়েছে।
নোয়াখালীর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) অনুপম বড়ুয়া জানান, চারটি উপজেলার উপকূলীয় অঞ্চলের জনগণের নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়াও দুই জন অতিরিক্ত জেলা প্রশাসক দুটি উপজেলা করে চারটি উপজেলায় দায়িত্ব পালন করবেন।

