নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কাফরুলে কাভার্ডভ্যানের ধাক্কায় এক আনসার সদস্য নিহত এবং এক পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার বেলা ১২টার দিকে কাফরুল থানাধীন আয়ুর্বেদিক কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনসার সদস্যের নাম ইকরামুল ইসলাম (৩০)। তার বাড়ি গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলপুরে।
আহত পুলিশ সদস্য মনির হোসেনকে (৩৫) কাফরুলের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, পুলিশ সদস্য মনির হোসেন ও আনসার সদস্য ইকরামুল ইসলাম দুর্ঘটনার সময় উভয়েই সিভিলে দায়িত্বরত ছিলেন। সোমবার বেলা ১২টার দিকে কাফরুল থানাধীন আয়ুর্বেদিক কলেজের সামনের একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুইজন আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় আনসার সদস্য ইকরামুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ জানান, ইকরামুলকে আশঙ্কাজনক অবস্থা ঢাকা মেডিকেলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মনির হোসেন কাফরুলের একটি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।
দুর্ঘটনার পর ওই কাভার্ডভ্যানটি আটক করে কাফরুল থানা পুলিশ।

