নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার কেতকিবাড়ী চান্দখানা থেকে অপহৃত অষ্টম শ্রেণীর ছাত্রীকে গত ছয় দিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহরণকারীরা দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। এ ব্যাপারে থানায় মামলা করা হলেও পুলিশের ভূমিকা নিয়ে উৎকন্ঠায় রয়েছে নিখোঁজ স্কুলছাত্রীর পরিবার।
চান্দখানা গ্রামের কৃষক মঙ্গুলু মামুদ জানান, প্রতিবেশী মোশাররফ হোসেনের সঙ্গে তার দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ২২ জুলাই তার স্কুল পড়ুয়া মেয়ে রুবী বেগমকে অপহরণ করা হয়। পরদিন অপহরণকারীরা তার কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
তিনি জানান, গত শুক্রবার এ ব্যাপারে তিনি ডোমার থানায় একটি মামলা দায়ের করেন। কিন্তু দায়ের করা মামলাটি রেকর্ডভুক্ত না হওয়ায় পুলিশের ভুমিকা নিয়ে উৎকন্ঠায় রয়েছেন তিনি।
তবে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন জানান, অভিযোগ নথিভুক্ত না হওয়ায় কোনো ব্যাবস্থা নেয়া হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে। এর বেশী তিনি বলতে রাজী হননি।

