নিজস্ব প্রতিবেদক : সিলেটে রাজনসহ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হওয়া দেশের সকল শিশু ও নারীর হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছে ১৬ টি সংগঠন।
রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানায় তারা।
মানববন্ধনে নাগরিক অধিকার সংগঠন ফোরামের সদস্য মোস্তফা রহমান বলেন, ‘গত ৮ জুলাই সিলেটে রাজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এরপর এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারও করা হয়েছে। দ্রুত বিচার আদালতে এ বিচার প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সরকারি ব্যক্তিরা রাজনের পরিবারকে সান্ত্বনার পাশাপাশি ক্ষতিপূরণও দিয়েছেন। আমরা এসব তৎপরতার ইতিবাচক পরিণতি চাই।’
মানববন্ধনে অপরাজেয়-বাংলাদেশের সদস্য আমেনা খাতুন বলেন, ‘শুধু রাজন নয়, সারাদেশে অনেক শিশু ও নারী নৃশংস হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। কিন্তু এসব অপরাধ প্রতিরোধে সরকারের তেমন কোনো পদক্ষেপ নেই। কেবল গণমাধ্যমে প্রচার পেলে সরকার নড়ে-চড়ে বসে। অথচ এসব প্রতিরোধে দেশে পর্যাপ্ত আইন রয়েছে।’
সংগঠনটির সদস্য বিলকিস নাহার বলেন, ‘দেশে অপরাধ প্রতিরোধে সরকারের দায়িত্বশীল মহল ও প্রশাসন কোনো কাজই করছে না। শিশু রাজন হত্যা এর জ্বলন্ত উদাহরণ।’
এসময় মানবাধিকার কর্মী মাহবুব হোসেন সংগঠনগুলোর পক্ষ থেকে দাবি জানিয়ে বলেন, ‘রাজনসহ নৃশংস হত্যার স্বীকার সকল শিশু ও নারীর হত্যাকারীদের ফাঁসি দিতে হবে। নির্যাতিত শিশু ও নারীদের পর্যাপ্ত সহায়তা ও পূর্ণবাসন করতে হবে। দায়িত্বে অবহেলা করা সরকারি প্রশাসনের কর্তাব্যক্তি ও পুলিশ কর্মকর্তাদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করতে হবে। যাতে দেশে এ ধরণের অপরাধ আর না হয়।’
মানববন্ধনের আয়োজক সংগঠনগুলো ছিল- অপরাজেয়-বাংলাদেশ, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরাম, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, রেইনবোঁ, নারী ও শিশু কল্যান ফাউন্ডেশন, প্রজন্ম বাঁচাও, জাতীয় শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটি, হিতৈষী বাংলাদেশ, সচেতন সাহায্য সংস্থা, বাউশি, প্রত্যাশা, ইনসিডিন বাংলাদেশ, সমাজ পরিবর্তন কেন্দ্র, পল্লীমা মহিলা পরিষদ, জাতীয় কন্যা শিশু এ্যাডভোকেসি ফোরাম ও সেন্টার ফর হিউম্যান রাইটস্ অ্যান্ড ডেভেলপমেন্ট।

