পাবনা প্রতিনিধি : মাদক বিক্রেতার কাছ থেকে উৎকোচ নেয়ার অভিযোগে ঈশ্বরদী থানার দুই উপপরিদর্শক (এসআই) ও চার কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার রাতে তাদের পাবনা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যদের মধ্যে রয়েছেন- এসআই আসিফ ও শাহীন মো. অনু, কনস্টেবল জিল্লুর রহমান, মোমিনুল ইসলাম, মিজানুর রহমান ও আনিসুর রহমান।
পাবনার পুলিশ সুপার (এসপি) আলমগীর কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঈশ্বরদী থানা পুলিশ জানায়, উপজেলার আওতাপাড়ায় মাদক বিক্রেতা রবিকে গ্রেপ্তার করতে গিয়ে তার কাছ থেকে অর্থ নেয়ার চেষ্টা করেন অভিযুক্তরা। বিষয়টি পুলিশ সুপারের কার্যালয়ে জানাজানি হলে তাৎক্ষণিকভাবে তাদের পুলিশ লাইনে প্রত্যাহারের নির্দেশ দেন পুলিশ সুপার আলমগীর কবীর।
তবে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাস জানান, প্রশাসনিক প্রয়োজনে তাদের প্রত্যাহার করা হয়েছে।

