মাদারীপুর প্রতিনিধি : কালকিনিতে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ঢাকা-বরিশাল মহাসড়কের মেলকাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- সুমন খন্দকার (২৫), আনসারী (৩০), সারমিন (১৮), মকবুল হোসেন (৪৫) ও আনোয়ার হোসেনসহ (৬০) ১২ জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ১৪ জন যাত্রী নিয়ে মাওয়ার উদ্দশ্যে ছেড়ে আসা (চট্টগ্রাম-মেট্রো-ম-১১-০০-৬৫) একটি মাই্ক্রোবাস গোপালপুরের মেলকাই নামক স্থানে পৌঁছলে মাদারীপুর থেকে ছেড়ে আসা ভুরঘাটাগামী মায়ের দোয়া পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত চার যাত্রী মারা যান। আহত হন কমপক্ষে ১২ জন।
আহতদের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনাস্থলে কালকিনি ও ডাসা থানার পুলিশ মোতায়ন করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের তিন কিলোমিটার রাস্তা বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি নিযন্ত্রণের চেষ্টা করছে।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করছেন।


