গোপালগঞ্জ প্রতিনিধি : কাশিয়ানীতে জমি কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার কাশিয়ানী উপজেলার তালতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুতর আহত জোসনা বেগম (৩৫), রত্না বেগম (৩০), হালিমা (১৩), হাসি (৩০), আছিয়া (১৫), লিলি বেগম (৪৫), সিদির (১৭), পারভিন বেগম (৩৫), বিল্লাল শেখ (৪০) ও রইচ মোল্লাকে (৩২) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন জোসনা বেগম জানান, তালতলা গ্রামের বেল্লাল শেখ জমি বিক্রি করার কথা বলে রইচ মোল্লার কাছ থেকে ৫০ হাজার টাকা নেন। দুই বছরেও জমি রেজিস্ট্রি করে না দেয়ায় রহিজ মোল্লা বেল্লালের কাছে টাকা ফেরত চান। এ নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর জেরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রামদিয়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হাদি আব্দুল্লাহ জানান, জমি ক্রয়-বিক্রয় নিয়ে বিবাদের জের ধরে এ মারামারির ঘটনা ঘটেছে।

