গাজীপুর প্রতিনিধি : ডেমু ট্রেনের ধাক্কায় শিশুসহ আট জনের মৃত্যুর এক দিন পরই গাজীপুরে কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারীসহ আরও পাঁচ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে পাঁচ জন। হতাহতরা সবাই লেগুনার যাত্রী।
শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লেগুনার চালক শেরপুরের ঝিনাইগাতি থানার কানদুলি গ্রামের হযরত আলীর ছেলে সাইদুর (২০), নাওজোর এলাকার মনি আক্তার (২৬), কেয়া কসমেটিকস কারখানার কর্মচারী পটুয়াখালীর ছোট সিবা গ্রামের আব্দুল বাশারের ছেলে সোহেল মিয়া (৩০), মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ফখরুল ইসলামের স্ত্রী সেলিনা বেগম (৩০)।
আহতরা হলেন- গাজীপুর মহানগরীর দিঘীরচালা এলাকার জালাল উদ্দিনের ছেলে এনামুল হক (৩৫), চান্দনা এলাকার জয়নাল আবেদীনের ছেলে আব্দুল কুদ্দুস (২৪), টঙ্গীর কামাল উদ্দিনের ছেলে মামুন (২৫), বাচ্চু মিয়ার ছেলে পমির (২৮), রফিক উদ্দিনের ছেলে ফখরুল ইসলাম (৩৫)। গুরুতর অবস্থায় এনামুল, পমির ও মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর তিন জনকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লেগুনাটি বেপরোয়া গতিতে আসছিল। এক পর্যায়ে কাভার্ডভ্যানের সঙ্গে লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার তিন যাত্রী এবং হাসপাতালে নেয়ার পর আরও দুই জন মারা যান। এ সময় ওই সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে নাওজোর হাইওয়ে পুলিশ দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও লেগুনাটি সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাহার জানান, সকাল আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়ে চান্দনা চৌরাস্তাগামী যাত্রীবোঝাই একটি লেগুনার সঙ্গে বিপরীতমুখি একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লেগুনার তিন যাত্রী মারা যান। এ ঘটনায় আহত হন সাত জন। আহতদের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে মনি আক্তার ও সেলিনা বেগম মারা যান।
এর আগে, বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশনের দক্ষিণ দিকে হায়দরাবাদ এলাকায় অরক্ষিত রেলক্রসিংয়ে ডেমু ট্রেনের ধাক্কায় তিন শিশুসহ আট জনের মৃত্যু হয়েছে। মাত্র এক দিনের দিনের ব্যবধানে আবারও গাজীপুরে প্রাণহানির ঘটনা ঘটলো।

