নিজস্ব প্রতিবেদক : পুরান ঢাকার লালবাগের শহীদনগরে গত মঙ্গলবার মধ্যরাতে তরুণী ধর্ষণের ঘটনায় তিনজনকে অভিযুক্ত করে লালবাগ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন ওই তরুণী। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামি সৈকত ইসলাম রানা ধর্ষণের কথা স্বীকার করেছে।
এই মামলার অপর দুই আসামি মুন্না ও খোকন এখনো পলাতক।
বুধবার রাতে এই মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি বলেন, রানা ওই তরুণীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছে। এই ঘটনায় জড়িত অন্য দুই আসামিকে গ্রেপ্তার চেষ্টা চলছে।
লালবাগ থানা সূত্রে জানা গেছে, মামলার এজাহারে ওই তরুণী অভিযোগ করেছেন, মঙ্গলবার রাতে তার এক ছেলে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন।
এজাহারে উল্লেখ করা হয়, ওই দিন বিকেলে গাবতলীর বাগবাড়ীর বাসা থেকে ছেলে বন্ধুর সঙ্গে বের হন তিনি। সন্ধ্যার পর বন্ধুর এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। এরপর মধ্যরাতে ফেরার পথে লালবাগের শহীদনগরের লোহার ব্রিজের পাশে তাকে রেখে ছেলে বন্ধুটি পানি কিনতে যান। এই সুযোগে তিন যুবক তাকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।
পুলিশ জানিয়েছে, ছেলে বন্ধুটি পানি নিয়ে এসে তরুণীকে না পেয়ে টহল পুলিশের সহায়তা নিয়ে খোঁজাখুঁজি শুরু করে। এরপর ভোরে ওই ভবন থেকে পুলিশ তরুণীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তরুণীটি এখনো হাসপাতালেই চিকিৎসাধীন।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের সমন্বয়ক বিলকিস বেগম জানিয়েছেন, মেডিকেল পরীক্ষার রিপোর্ট পেতে এক সপ্তাহ সময় লাগবে।

