নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে অত্যাবশ্যকীয় কৃষি পণ্যের বাজারদর সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর খামারবাড়িস্থ কৃষি বিপণন অধিদপ্তরের সভাকক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক (যুগ্ম সচিব) মো. মাহবুব আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় শ্যামবাজার কৃষিপণ্য আড়ৎ বণিক সমিতির প্রতিনিধি, কাওরান বাজার আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক, সুপার সপ মীনাবাজার, স্বপ্ন ও প্রিন্স বাজারের প্রতিনিধি ও কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিনিধিবৃন্দ সাম্প্রতিক সময়ে কিছু কৃষি পণ্যের অস্বাভাবিক খুচরা মূল্য বৃদ্ধি সম্পর্কে আলোচনা করেন।
মতবিনিময় সভায় কৃষি বিপণন অধিদপ্তরের পরিচালক নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের মূল্য সহনশীল রাখার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে তাদের সহযোগিতা কামনা করেন। ভবিষ্যতে এ ধরণের সভা আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং কৃষি বিপণন অধিদপ্তরের আওতায় গঠিত কৃষক দলকে আরও সক্রিয় করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

