স্পোর্টস ডেস্ক : এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে মাশরাফি বাহিনী। আর তাই দলের চার সিনিয়র ক্রিকেটার ঐদিন রাতেই ছুটি নিয়ে হোটেল ছেড়েছিলে। কারণ সিরিজ নিশ্চিত হবার পরের দিন ছিল না দলের কোনো নির্ধারিত অনুশীলন সূচী। ফলে এই দিনটাতে বেশ ফুরফুরে মেজাজে ছিল টাইগার শিবির।
রোববার অবিস্মরণয়ী সিরিজ জয়ের পর সাকিব আল হাসান ঐদিন রাতে আর হোটেলে ফেরেননি। নিজের গাড়িতে করে চলে গেছেন ডিওএইচএসের বাসায়। মুশফিকুর রহিম হোটেলে ফিরেই চলে যান উত্তরায় নিজ বাসায়। অন্যদিকে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা হোটেলে সেহরি খেয়ে চলে যান মিরপুরে পরিবারের কাছে। আর নাসির হোসেন -আরাফাত সানি ও রনি তালুকদাররা সেহরি খেয়ে টিম হোটেলেই ছিলেন।
সোমবার মুমিনুল হক সৌরভ সারা দিন হোটেলেই কাটিয়েছেন। ছিল না দলের কোনো অনুশীলন। দলের প্রতিটি খেলোয়াড়কে ছুটি দেওয়া হয়েছিল বলে জানান বাংলাদেশের দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। সোমবার বিকালে নাসির গাড়ি নিয়ে ও আরফাত সানী নিজের মোটরসাইকেলে হোটেল ছাড়েন।
সাতক্ষীরার দুই ক্রিকেটার মুস্তাফিজ ও সৌম্য সকাল পর্যন্ত হোটেলেই ছিলেন। এর কিছু পরে বাইরে যান। সাব্বির রহমান সারা দিন ব্যস্ত ছিলেন নিজের ব্যক্তিগত কাজে। কখন হোটেল থেকে বের হয়েছেন, আবার কখনও হোটেলে ফিরেছেন, সেই হিসাব নিজেও দিতে পারলেন না।
পরে আবার হোটেলে ফিরে করেছেন ইফতার। তবে সব ক্রিকেটারকে একদিনের ছুটি কাটিয়ে রাত ৮টার মধ্যে হোটেলে ফেরার কথা রয়েছে। মঙ্গলবার বাংলাদেশ দলের অনুশীলন দুপুরে থাকায় দলের কয়েকজন খেলোয়াড় সোমবার রাতে না ফিরতে পারে বলে জানান বাংলাদেশ দলের ম্যানেজার।
মূলত ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশ দলকে একদিনের ছুটি দেওয়া হয়েছিল। তাইতো সোমবার স্বাগতিক দলের কোনো ক্রিকেটারই আর মাঠ মুখো হননি। তবে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের পর অভিনন্দনের জোয়ারে ভাসছেন টাইগার ক্রিকেটাররা।

