বিনোদন ডেস্ক : প্রায় এক বছরেরও বেশি সময় ধরে ঢাকার রুপনগর, সোনারগাঁয়ের পানাম সিটি, কক্সবাজার, বান্দরবন, সিলেটসহ দেশের বেশ কয়েকটি অঞ্চল ঘুরে নির্মাণ করা হয়েছে ‘জয় হবেই হবে’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিও। আর এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী পড়শী। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান। ২০ জুন রাত ৮টায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন গানটির শিল্পী। মিউজিক ভিডিওটি প্রসঙ্গে পড়শী বলেন, ‘এটি নির্মাণ করতে একটু বেশী সময় লেগেছে কারণ এখানে যতগুলো দৃশ্য দেখানো হয়েছে, তার সবগুলোই বাস্তব এবং জীবন্ত। এতে নৌকা বাইচের একটি দৃশ্যের জন্য আমাদের বর্ষাকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, তেমনি অপেক্ষা করতে হয়েছে শীতকালের জন্য। সিলেটের চা বাগানের একটি দৃশ্যের জন্য অপেক্ষা করেছি প্রায় এক বছর। আর পহেলা বৈশাখের যে দৃশ্যটি ধারণ করা হয়েছে তাও বৈশাখের দিনই করা হয়েছে। আসলে সব কিছু বাস্তব দেখানোর জন্যই আমাদের এতো সময় নিতে হয়েছে। আশা করছি ভিডিওটি দর্শক ও শ্রোতাদের ভাল লাগবে।’
এদিকে মিউজিক ভিডিওটিতে পড়শীর সঙ্গে মডেল হিসেবে রয়েছেন সোহেল সিরাজ ও আশফাক রানা। এটি নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। ব্ল্যাক ক্যাটের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটি ২০ জুন রাত ৮টায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রকাশ করা হবে। এটির পার্টনার ‘কাইনেটিক মিউজিক’
উল্লেখ্য, ‘জয় হবেই হবে’ গানটি পড়শীর পরবর্তী একক অ্যালবাম ‘পড়শী-৪’ এ থাকছে।

