নিজস্ব প্রতিবেদক : ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন পরিত্যক্ত জমির মধ্যে ২ হাজার ১০ দশমিক ৩৯৯ একর জমি সরকারের বেদখলে রয়েছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
শনিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সদস্য এম, আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ‘সরকার সারা দেশে ভূমি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে প্রায় ৬ হাজার ৭ শত ৯৮ দশমিক ৫৮৮ একর পরিত্যক্ত সম্পত্তি রয়েছে। তারমধ্যে সরকারের দখলে ৩ হাজার ৮ শত ৯৮ দশমিক ১৩৬ একর এবং সরকারের বেদখলে ২ হাজার ১০ দশমিক ৩৯৯ (২,০১০ দশমিক ৩৯৯) একর। এ ছাড়াও পূর্ত, শিল্প, তথ্য, অর্থ, বাণিজ্য, রেলপথ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীনেও পরিত্যক্ত সম্পত্তি রয়েছে।’
সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে খাসজমির পরিমাণ কৃষিজমি ২১ লাখ ১ হাজার ৫ শত ৫৯ দশমিক ২৮৮৩ একর এবং অকৃষি খাসজমির পরিমাণ ১৭ লাখ ৬৯ হাজার ৩৮৫ দশমিক ০৪৫৪ একর। উক্ত জমির মধ্য নিস্কন্টক কৃষিজমির পরিমাণ ৯ লাখ ৩৬ হাজার ৯৫৭ একর এবং নিষ্কন্টক অকৃষি জমির পরিমাণ ১০ লাখ ৫৪ হাজার ২৮৮ দশমিক ৭৭৪৫ একর।’
নুরুল ইসলাম মিলনের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১৩-১৪ অর্থবছরের ভূমি উন্নয়ন করের পরিমাণ ৩৫৬ কোটি ৯৫ লাখ ৬৯ হাজার ২০২ টাকা। ২০১৪-১৫ অর্থবছরের এপ্রিল মাস পর্যন্ত ভূমি উন্নয়ন কর আদায়ের পরিমাণ ২৬৪ কোটি ৭০ লাখ ৬ হাজার ৯৭৭ টাকা।

